উখিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, ১১ মামলায় জরিমানা

উখিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৫:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় ১১টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করতে সক্ষম হয়।

সোমবার সকাল থেকে বিকালে সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। তাঁর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১০টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ফুটপাত দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা চিহ্নিত করে তা অপসারণ করা হয়। এ সময় দখলদারদের সতর্ক করা হয় এবং জনসাধারণের চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বসতঘর থেকে বিদেশি রাইফেল, গুলি ও ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধকুতুপালং বাজারে উচ্ছেদ অভিযান, যানজট কমাতে প্রশাসনের পদক্ষেপ