গত শনিবার জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির মিলনায়তনে ‘বৈশাখী আড্ডা’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা সংস্কৃতি বলয়, চট্টগ্রাম সংসদ। আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় বৈশাখী আড্ডায় নৃত্য, সংগীত, আবৃত্তি, কথামালা ও নাট্যাংশ পাঠের মেলবন্ধন হয়ে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠানের শুরুটা ছিলো বাংলা সংস্কৃতি বলয়ের থিম সং ‘সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্ব জুড়ে’ পরিবেশনের মধ্য দিয়ে। এরপর কখনো দলীয় সংগীত, কখনো দলীয় নৃত্যের ঐকতান। কখনো একক সংগীতের মূর্ছনা। দলীয় সংগীতে ছিলো ধ্রুপদ সঙ্গীত নিকেতন ও আরোহী সংগীত নিকেতন। এছাড়া নৃত্যশিল্পী রিয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য নিকেতনের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ছিলো নান্দনিকতা উত্তরণের বহিঃপ্রকাশ। একক সংগীত পরিবেশন করেন পিন্টু ঘোষ, সুপর্ণা রায় চৌধুরী ও মুক্তা সাহা। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল, সাবিহা আকতার ও সপ্তর্ষি রায়। তবে অনুষ্ঠানে দর্শকদের মিনিট কয়েক বুঁদ রাখেন সাজু বড়ুয়া ও সায়েম উদ্দীনের দ্বৈত অংশগ্রহণে পরিবেশিত নাট্যাংশের পাঠাভিনয়। একক নৃত্যের প্রাণবন্ত পরিবেশনায় ছিল রমিতা ভৌমিক ও কাসফী আচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সংসদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী। তিনি বাংলা সংস্কৃতি বলয় এর কেন্দ্রীয় বার্তা পাঠ করেন। অনলাইনে শুভেচ্ছা বার্তা দেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য এবং সদস্য সচিব কাজী মাহতাব সুমন। বক্তব্য রাখেন নাট্যজন শাহরিয়ার হান্নান। পুরো আয়োজন সম্পর্কে বক্তব্য রাখেন আয়োজনের আমন্ত্রিত অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন প্রদীপ দেওয়ানজী।













