সাগরিকায় ভালো উইকেটের আশা বাংলাদেশ অধিনায়কের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের আশা চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ভালো উইকেটই দেখতে পাবেন তারা। বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংয়ের ওপর ভরসা রাখছেন অধিনায়ক। লিটন বলেন, ‘উইকেটটা দেখেছি। উইকেট তো দুই দলের জন্যই সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত না খেলা হচ্ছে, বলতে পারছি না। তবে দেখে মনে হয়েছে, ভালো উইকেট হবে। নতুন যে কিউরেটর (হেমিং), খুব ভালো উইকেট আমাদেরকে দিচ্ছেন অনেকদিন ধরেই। কাজেই আশা করি, এটাও ভালো উইকেট হবে।’ দূর থেকে দেখলে উইকেটের চেহারা একই। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটির মতোই উইকেটে আছে ঘাসের ছোঁয়া। ম্যাচের আগের দিন রোববার বিকেলে নিউজিল্যান্ড দল অনুশীলন শেষে চল যাওয়ার পর কিউরেটর জাহিদ রেজা বাবু ও হেমিংকে দেখা যায় মাঠকর্মীদের নিয়ে উইকেটে শেষ সময়ের কিছু ছোঁয়া দিচ্ছেন। বলের বাউন্স পরখ করে দেখছেন। সেখানে বাউন্স অসমান নয় বলেই ধারনা হয়েছে। এমনিতে এই মাঠের উইকেটকে বাংলাদেশের সেরা ব্যাটিং উইকেটগুলোর মধ্যে রাখা হয়। এবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটির উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক না হলেও বেশ প্রাণবন্ত ছিল, যেখানে সহায়তা মিলেছে সবার জন্যই। টিটোয়েন্টি সিরিজের ম্যাচগুলি শুরু দুপুর ২টায়। মানে, দিনের ম্যাচ। উইকেটের আচরণের সম্ভাব্য সমীকরণও তাই একটু ভিন্ন। এই মাঠে এখনও পর্যন্ত দিনের টিটোয়েন্টি ম্যাচ হয়েছে কেবল ৫টি। সেখান থেকে স্কোরের নির্দিষ্ট ঘরানার ধারণা পাওয়া কঠিন। সবশেষ ম্যাচটিতে গত ডিসেম্বরে আগে ব্যাট করে ১১৭ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। তবে ৩৮ বল বাকি রেখে জিতে বাংলাদেশ দেখিয়ে দিয়েছিল, উইকেট ছিল ভালোই। এর আগের ম্যাচটিতে ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৫ রান তুলে বাংলাদেশ জিতেছিল ৯ রানে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে অবশ্য ১২৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।

তবে আগের দুই ম্যাচে আগে ব্যাট করে তারা তুলেছিল ১৯.২ ওভারে ২০৭ ও ১৭ ওভারে ২০২। অতীতের এই ম্যাচগুলি থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন টম ল্যাথাম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের আগে উইকেট দেখার সুযোগ পাননি তিনি। তবে ম্যাচজুড়ে উইকেট একইরকম ভালো থাকবে বলে আশা কিউই অধিনায়কের। ‘আসলে উইকেট এখনও দেখিনি। তবে আগে এখানে যে ম্যাচগুলো খেলা হয়েছে এবং কয়েক দিন আগে এখানে খেলার অভিজ্ঞতা থেকে আমরা যতটা সম্ভব ধারণা নেওয়ার চেষ্টা করব, উইকেটটা কেমন হতে পারে। আমার ধারণা, ৪০ ওভার জুড়েই উইকেটটা বেশ ভালো থাকবে এবং সম্ভবত খুব বেশি পরিবর্তন হবে না।’

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তামিম-অমিত
পরবর্তী নিবন্ধইতিহাস গড়ে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল