রাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটায় সেচ পাম্পের ‘অরক্ষিত’ বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আবছার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়া এলাকার কৃষি মাঠ থেকে তার লাশ পাওয়া যায়। নিহত মো. আবছার মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘ বছর ধরে পরিবার নিয়ে সরফভাটার দক্ষিণ সিকদারপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির কাছে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মাঠে ব্যক্তি মালিকানাধীন একটি সেচ পাম্পের বৈদ্যুতিক তার কলাগাছের সাথে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও খোলামেলা অবস্থায় রাখা ছিল। দীর্ঘ সময় আবছার বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে দুপুরের খাবারের জন্য খুঁজতে বের হন। একপর্যায়ে বিকালের দিকে কৃষি জমিতে তার নিথর দেহ পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণাসেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে এদিন রাতে নিহতের নিজ গ্রাম মরিয়মনগরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অরক্ষিতভাবে ফেলে রাখার কারণেই এই প্রাণহানি ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক মো. নূর উদ্দিন জানান, তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের দেয়া অভিযোগ অনুযায়ী মামলা নেয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআগামী মাসে যাচ্ছে পরিকল্পনা কমিশনে
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২