চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইন্দ্রপুল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, নোয়াখালী জেলার সাগর (২০), তানভীর (১৭), মোস্তাফিজ (২২), আবদুল হক (৩২), দীপু (২৫), অনিক (১৭), আরমান (১৮), রিয়াদ (২১), নজরুল ইসলাম (১৮), সুমন (১৬), রিপন (২৮), রাসেল (২৭), রুহি (১০), ওহি (১৪), রুবেল (৪৭), সালাউদ্দিন (২৫), নিশাদ (১৯), মামুন (১৩), শহীদুল ইসলাম (৩৬), আবদুল মোতালেব (২৭) ও সাইফ (২০)। স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে কক্সবাজারগামী হিমেল পরিবহনের একটি নৈশকোচ (ঢাকা মেট্টো–ব ১৪–৫১৫৯) ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী এভারগ্রীন পরিবহনের (ঢাকা মেট্টো–ব ১২–৪৭১২) আরেকটি কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহন এর একটি পর্যটকবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার থেকে এভারগ্রিন পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ইন্দ্রপুল গোলচত্বর অতিক্রম করে সেতুর ওপর পৌঁছালে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার জানান, আহত ২১ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বাসের চালক সড়কের দিক–নির্দেশনা ঠিকমতো বুঝতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।













