২০১৯ সালের বিশ্বকাপের পর আর পাঁচ উইকেটের দেখা পাচ্ছিলেন না মোস্তাফিজুর রহমান। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হলো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে। ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট তুলে নিয়ে আবারও নিজের নাম তুলে দিলেন আলোচনায়। এই কীর্তিতে বাঁহাতি পেসারদের তালিকায় তিনি ছুঁয়ে ফেললেন ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টকে। তার ওপরে আছেন কেবল মিচেল স্টার্ক, যিনি নয়বার পাঁচ উইকেট নিয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচ মানেই চাপ, তার ওপর চট্টগ্রামের তাপদাহ। সব মিলিয়ে কাজটা সহজ ছিল না। কিন্তু শুরু থেকেই পরিকল্পনা মেনে বল করেছেন মোস্তাফিজ। স্লোয়ার আর কাটারের ফাঁদে ফেলে একে একে কিউই ব্যাটারদের সাজঘরের পথ দেখান। তার বিপক্ষে দাঁড়িয়ে কেউই স্বাভাবিকভাবে খেলতে পারেননি। মোস্তাফিজের পাঁচ উইকেটের গল্পটা শুরু হয়েছিল ২০১৫ সালে, ভারতের বিপক্ষে সিরিজে সেই সিরিজেই দুইবার। একই বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়বার। এরপর ২০১৯ সালের বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আরও দুইবার এই কীর্তি গড়েন তিনি। দীর্ঘ বিরতির পর অবশেষে আবার পাঁচ উইকেট, যা তার ক্যারিয়ারের ষষ্ঠ। বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেটের মালিক মিচেল স্টার্ক। তিনি নয়বার এই কীর্তি গড়ছেন। আর সব মিলিয়ে একদিনের ক্রিকেটে এই কীর্তিতে শীর্ষে আছেন ওয়াকার ইউনুস। তিনি ১৩ পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন।












