সরফভাটায় স্থায়ী মাঠের দাবিতে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রীতি ম্যাচ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার অন্যতম জনবহুল ইউনিয়ন সরফভাটায় একটি স্থায়ী খেলার মাঠের দাবিতে সরফভাটার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় পুড়ামুড়া মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ১৬ ওভারের এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সরফভাটার বর্তমান তরুণ ক্রিকেটাররা। নির্ধারিত ওভারে তারা পাহাড়সম স্কোর গড়ে সাবেক ক্রিকেটারদের সামনে ২১৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে সাবেক ক্রিকেটাররা লড়াই করলেও শেষ পর্যন্ত ১৫০ রানে অলআউট হয়ে যায়। ফলে ৬৪ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় উদীয়মান তরুণ ক্রিকেটাররা। ম্যাচে দুই প্রজন্মের ক্রিকেটারদের মেলবন্ধন এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ম্যাচে মাঠ মাতান সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট রাজনৈতিক এস এ মুরাদ চৌধুরী, সোহেল রানা, রিকু, মামুন, জামাল, জুয়েল, মুন্না, সোহেল, ইউনুস, সাঈদ, সাজ্জাদ, তারেক, ওসমান, আকিব, ইরফান সিফাত ও কোরবান। এ সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ক্রীড়া ব্যক্তিত্ব মহিবুল্লাহ মারুফী, আজগর, আলমগীর সিকদার, মান্নান, লিয়াকত, সবুজ, বি এস করিম এবং এস এম সালাউদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এস এ মুরাদ চৌধুরী বলেন, প্রায় ৫০ হাজার জনসংখ্যা অধ্যুষিত সরফভাটা ইউনিয়নে কোনো স্থায়ী খেলার মাঠ নেই। ফলে এ অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না।

তিনি সরফভাটায় একটি স্থায়ী মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরও বলেন, ৫০ হাজার মানুষের বসতিস্থল এই ইউনিয়নে দীর্ঘদিনের দাবি সত্ত্বেও কোনো স্থায়ী খেলার মাঠ না থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে। সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টিই পারে এই সংকটের সমাধান করতে।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের সেমিফাইনাল আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দেড়শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ