আল মাহমুদ আধুনিক বাংলা কাব্যসাহিত্যের অন্যতম শক্তিমান কবি ও কথাসাহিত্যিক (১৯৩৬–২০১৯)। বলা যায় বাংলা সাহিত্যে নতুন ধারার আধুনিক কাব্যচর্চার সূচনা লগ্নের প্রধান কবি। আধুনিক বাংলা কবিতাকে তিনি নতুন আঙ্গিকে ও ভঙ্গিতে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশি সাধারণ মানুষের প্রচলিত জীবনবোধ, দৈনন্দিন অবস্থা, পারিবারিক জীবন, সম্পর্ক, প্রেম, সৌন্দর্য ও প্রকৃতি তাঁর কবিতায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। জীবনানন্দ দাশের পর আধুনিক বাংলা কবিতায় তাঁর পরিচিতি নানাভাবেই প্রকাশমুখর। সেইসাথে বিতর্ককে সঙ্গে নিয়ে তাঁর কবিজীবনের পথচলা। সেদিক থেকে তাঁর কবিতায় বিরূপতা ও কবিসত্তায় বিমুখতা আসেনি। আল মাহমুদের আধুনিক কবিতার প্রধান বৈশিষ্ট হলো, তাঁর নিজস্ব আরবি–ফারসি–সংস্কৃত শব্দে রুদ্ধ ভাষা, লোকজ উপমা প্রেম, নারী, ধর্ম, ইতিহাস, গ্রামীণ জীবন, রাজনীতি, কাব্যরীতি ছন্দ–অছন্দের মিশ্রণ, প্রতীক ও রূপকের ব্যবহার। তাঁর কাব্যভাষা সাহসী, সংবেদনশীল ও প্রতীকসমৃদ্ধ। তিনি আরবি–ফারসি শব্দকে বাংলা ছন্দে মিশিয়ে একটি নিজস্ব শব্দভান্ডার তৈরি করেছেন। ছন্দ, অলঙ্কার ও কাব্যপ্রকরণে তিনি ছিলেন পরিপক্ক। যার ফলে আল মাহমুদ যে কাব্যভাষা ও গদ্যভাষার জন্ম দিয়েছেন, তা আজও সমকালীনদের প্রভাবিত করে চলেছে। তাঁর সাহিত্যে রয়েছে ইতিহাসের অভিঘাত, প্রেমের অনির্বচনীয়তা এবং ধর্ম–জাতিসত্তার গভীর অনুসন্ধান। ফলে তিনি শুধু একজন কবি নন, বরং বাংলা সাহিত্যের এক সাংস্কৃতিক পুরোধা। তাই তাঁর কবিতায় শুধু কাব্য নয়, পরিচয়ের এক রেনেসাঁস নিয়ে এসেছে বাংলাদেশি মুসলমানদের আত্মবিশ্বাস। তাঁর কাব্যধারা প্রচলিত আধুনিকতার সংকীর্ণতা থেকে বের হয়ে গ্রামীণ শেকড় ও বাংলাদেশি মুসলমান সমাজচেতনার কণ্ঠস্বর হয়ে উঠেছে। তাঁর কবিতা শুধু সাহিত্য নয়, সংস্কৃতি ও জাতিসত্তার এক গভীর ব্যাখ্যা।
আল মাহমুদ বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে ইউরোপীয় চশমায় না দেখে নিজের ঐতিহ্যের আলোয় দেখার চেষ্টা করেছেন এবং প্রচলিত আধুনিক কবিতার প্রথাগত সংশয়বাদকে অস্বীকার করে নাগরিক–প্রগতিশীলতা থেকে নিজেকে দূরে সরান। এর মধ্য দিয়ে নিজস্ব ধর্মীয় সংস্কৃতির মাঝে শেকড় খুঁজেছেন। তিনি মনে করতেন, বাংলাদেশি জাতিসত্তা তার ধর্মীয় বিশ্বাসের বাইরে নয়। একত্ববাদই তাঁর এই সময়ের প্রধান দর্শন হয়ে দাঁড়ায়। একত্ববাদী এই আধ্যাত্মিকতার মূলে ছিল স্রষ্টার কাছে আল মাহমুদের সম্পূর্ণ আত্মসমর্পণ। তাই পরবর্তী জীবনের সমূহ কবিতায় আধুনিক মানুষের অহংকার ভেঙে এক প্রকার শৈল্পিক বিনয়ই মুখ্য হয়ে ওঠে। আধ্যাত্মিক বিবর্তনের ফলে মৃত্যুর ভয় আল মাহমুদের কাছে একটি শান্ত ও সুন্দর রূপ নিয়ে আবির্ভূত হয়। তিনি মৃত্যুকে কেবল বিনাশ মনে না করে স্রষ্টার কাছে ফিরে যাওয়ার একটি পথ হিসেবে বর্ণনা করেছেন। আবার মিথ ও ঐতিহ্যের বিনির্মাণেও কাব্যের সার্থক চেতনাকে তুলে ধরেন। তখন তাঁর কবিতার সুর হয়ে ওঠে বিনয়ী ও সমর্পিত। তিনি জীবনানন্দীয় রহস্যময় প্রকৃতি থেকে বেরিয়ে আসেন এক গ্রামীণ, ধর্মসচেতন কাব্যভাষায়। তিনি বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতিকে আধুনিক জীবনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন।
তাছাড়া আধুনিক কবিতার জটিল বিন্যাসের বদলে সহজ কিন্তু শক্তিশালী চিত্রকল্প ব্যবহার করেছেন। তিনি কবিতার ভাষায় গ্রামীণ প্রচলিত শব্দের ব্যবহার করেছেন। যার ফলে তাঁর আধুনিক কাব্যচেতনায় নতুন জীবনবোধ সরলরেখায় মিশে গেছে।
‘লোক লোকান্তর’ (১৯৬৩) আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ, যেখানে তিনি গ্রামীণ ভাষা, ঐতিহ্যের ভিত্তিতে গাঢ় এবং লোকজ শব্দকে যেমন ‘খড়কুটো’, ‘পাহাড় সমান ঢেউ’, ‘মাছরাঙা’ ইত্যাদি, আধুনিক ও নান্দনিক রূপ দিয়েছেন। লোকজ ঐতিহ্য ও ইসলামি ভাবনার সংমিশ্রণ, নারী ও প্রেমের উপস্থাপন, ইতিহাসচেতনায় আঞ্চলিক ও লোকজ শব্দ ব্যবহার করেছেন। ‘কালের কলস’ (১৯৬৬) আধুনিকতা ও ঐতিহ্যচেতনার মেলবন্ধন। বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ সংকলন। ‘সোনালী কাবিন’ (১৯৭৩) তাঁর সবচেয়ে খ্যাতিমান কাব্যগ্রন্থ। এই গ্রন্থের সনেটগুলোতে তিনি চিরায়ত বাংলার আবহ ফুটিয়ে তুলেছেন। প্রেম, নারী ও ধর্মচেতনার সাহসী রূপায়ণ। তাঁর কবিতা পড়লে চোখের সামনে একটি সম্পূর্ণ দৃশ্যপট ভেসে ওঠে।
বখতিয়ার খলজির ঘোড়াকে তিনি ‘মিথ’ হিসেবে দাঁড় করিয়েছেন, যা ঝিমিয়ে পড়া সমাজকে জাগিয়ে তোলার ডাক দেয়। কবির দৃষ্টিতে সেই ঘোড়া কোনো নির্দিষ্ট সময়ের নয়, বরং তা চিরন্তন এক মুক্তির বার্তা বহন করা দূত। তাই উল্লেখ করেছেন তার খুরের আঘাতে পাথর ভেঙে ঝরনা বের হচ্ছে, যে ঝরনায় ধুয়ে যাচ্ছে শতাব্দীর গ্লানি। ‘বখতিয়ারের ঘোড়া’ বা তার পরবর্তী কাব্যগুলোতে মৃত্যুচিন্তা প্রবল। যেমন– মৃত্যু আমার কাছে কোনো অন্ধকারের নাম নয়, এ তো এক জ্যোর্তিময় মহাপ্রস্থানের সংকেত। অথবা, আমার বলতে কিছুই নেই এই ক্ষণস্থায়ী সরাইখানায়, কেবল তোমার নামের জিকির ছাড়া হে অনন্ত অসীম। তাঁর আধ্যাত্মিক চেতনার অন্যতম শক্তিশালী প্রকাশ দেখা যায় এইসব পঙক্তিতে, যেখানে তিনি পার্থিব সম্পদের চেয়ে আত্মিক প্রশান্তি ও স্রষ্টার সান্নিধ্যকে বড় করে দেখেছেন। অর্থাৎ আল মাহমুদের আধ্যাত্মিকতা কোনো বিমূর্ত ধারণা নয়; বরং তা তাঁর রক্ত–মাংসের অভিজ্ঞতার সঙ্গে মিশে থাকা এক গভীর বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন, মানুষের সৃষ্টির মূলে রয়েছে এক মহান শিল্পীর কারুকাজ, আর কবির কাজ হলো সেই কারুকাজকে কবিতার ছন্দে ফুটিয়ে তোলা। সুতরাং আল মাহমুদের কাব্য চেতনায় আধ্যাত্মিক বোধের সঙ্গে জীবনবোধ একই সরলরেখায় মিশে গেছে। যার মধ্যদিয়ে আল মাহমুদের আধুনিক কবিতাগুলো হয়ে উঠেছে অনন্য শৈল্পিক।














