টানা দুই আসরের শিরোপা ধরে রেখে হ্যাটট্রিকের লক্ষ্যে আবারও মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। বুধবার ঢাকার সাফ সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রয়ে সদ্য প্রকাশিত ফিফা র্যাংকিংয়ের ভিত্তিতে ছয়টি দলকে তিনটি পটে ভাগ করা হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ছিল ২ নম্বর পটে।
ড্র অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল এই পট থেকে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম তোলেন, এরপরই নির্ধারিত হয় গ্রুপ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শক্তিমত্তার বিচারে এই গ্রুপে নেপালই এগিয়ে। সমীকরণ বলছে, সেমিফাইনালে নেপালের মতো শক্ত প্রতিপক্ষকে এড়াতে হলে বাংলাদেশকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠতে হবে। ভারতের গোয়ায় শুরু হওয়া এবারের আসরে ছয় দল অংশ নেবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল যাবে সেমি–ফাইনালে। এরপর ফাইনাল। গত দুই আসরের শিরোপা জয়ী বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ মে দল মুখোমুখি হবে ভারতের। দুটি সেমি–ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। শিরোপা লড়াই ৬ জুন। গত আসরেও গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি আফঈদা–তহুরার নৈপুণ্যে ৩–০ গোলে জিতেছিল দল। ফাইনালে দ্বিতীয় শিরোপা মেয়েরা জিতেছিল নেপালকে ২–১ গোলে হারিয়ে। এ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে সাতবার। ভারত সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে। ২০২২ সালে ভারতের যাত্রা থামিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে ভারত সফর নিয়ে একটি প্রশাসনিক বিষয়ও ছিল। নিরাপত্তাজনিত কারণে আগে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি। তবে সামপ্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিয়েছে। সেই ধারাবাহিকতায় নারী ফুটবল দলকে গোয়ায় পাঠানোর বিষয়েও ইতিবাচক অবস্থানে রয়েছে মন্ত্রণালয়। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য সামনে রেখে আগামী পরশু থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের আরও প্রস্তুত করতে দেশের বাইরেও ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।














