ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

প্রথম ওয়ানডেতে জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। রাজশাহীতে অনুষ্ঠিত স্বাগতিকদের করা ১৬৫ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা নারী দল, হাতে তখনও বাকি ৭০ বল। ফলে তিন ম্যাচ সিরিজে ১১ সমতায় আছে বাংলাদেশ। ম্যাচটি একতরফা না হলেও নিয়ন্ত্রণ ছিল বেশিরভাগ সময় সফরকারীদের হাতেই। ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ওপেনিং জুটি দ্রুত ভেঙে যায়। জুয়াইরিয়া ফেরদৌস মাত্র ২ রান করে ফিরলে চাপ তৈরি হয় শুরুতেই। শারমিন সুলতানা কিছুটা সময় নিয়ে ২৫ রান করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। শারমিন আক্তারের শূন্য রানে বিদায় দলকে আরও বিপদে ফেলে। এমন পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত ধরে রেখে ইনিংস গড়ার চেষ্টা করেন। ধীরগতির হলেও ১০১ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। তবে তার এই প্রচেষ্টা বড় স্কোরে রূপ নেয়নি, কারণ অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। শেষদিকে রিতু মণি ১৭ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেললেও দলীয় সংগ্রহ ১৬৫ রানের বেশি এগোয়নি। শ্রীলঙ্কার বোলাররা পুরো ইনিংস জুড়েই ছিল শৃঙ্খলাবদ্ধ। তারা লাইনলেন্থ ঠিক রেখে বল করায় বাংলাদেশের ব্যাটাররা স্বচ্ছন্দে রান তুলতে পারেননি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের গতি নিজেদের পক্ষে রাখে লঙ্কানরা। রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই পরিকল্পিত ব্যাটিং করে। লক্ষ্য বড় না হওয়ায় তারা ঝুঁকি না নিয়ে ধীরেসুস্থে এগিয়েছে। মাঝেমধ্যে উইকেট হারালেও প্রয়োজনীয় রানরেট কখনোই চাপ সৃষ্টি করেনি। ফলে ৩৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা। ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ৭০, হার্শিথা সমরবিক্রমার সর্বোচ্চ ৫০ রানের ইনিংস ও হানসিমা করুনারত্নের ৪০ রানের ইনিংস বাংলাদেশকে হারানোর জন্য যথেষ্ট ছিল। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার একাই চার উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান সুলতানা খাতুন ও রিতুমনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভালো উইকেটের আশা নিউজিল্যান্ডের
পরবর্তী নিবন্ধনারী সাফে হ্যাটট্রিক শিরোপার মিশন বাংলাদেশের