২ লাখ ৩৬ হাজার টাকা সরকারি কোষাগারে

বোট মালিককে জরিমানা, মাছ নিলামে বাঁশখালী উপকূলে অভিযান

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা রয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালীর শেখেরখীল, গন্ডামারা সংলগ্ন মোহনায় খাটখালী এস আলম জেটি সংলগ্ন পশ্চিমে মৎস্য আহরণরত অবস্থায় এফবি রহিম নামে ৬ সিলিন্ডার বিশিষ্ট ১টি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়। এতে বোট মালিককে জরিমানা ও জব্দ মাছ নিলামে বিক্রি করে ২ লক্ষ ৩৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বাংলাদেশ কোস্টগার্ড, বিসিজি কন্টিনজেন্ট, পূর্ব জোন ও বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, এমএ রশীদ পিও’র নেতৃত্বে পরিচালিত অভিযানে এফবি রহিম নৌযানে ৪১টি ড্রাম সামুদ্রিক মাছ, যার আনুমানিক ওজন ১২৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। জব্দকৃত ও বাজেয়াপ্ত মাছসমূহ উন্মুক্ত ডাক নিলামে ১ লক্ষ ১৮ হাজার টাকায় বিক্রয় করা হয়। অপরদিকে এফবি রহিম বোট মালিককেও ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচার প্রচারণা ও অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকৃতী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ চালিকাশক্তি
পরবর্তী নিবন্ধতোমাদের স্বপ্ন অনেক বড় হতে হবে