বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক কৃষকের করলা ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ শফি।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, শীলকূপের উত্তর বিল এলাকায় ১ কানি জমিতে করলা চাষ করেছিলেন মোহাম্মদ শফি। ভালো ফলনের আশায় নিয়মিত পরিচর্যা করে আসছিলেন তিনি। সমপ্রতি প্রথমবারের মতো ওই ক্ষেত থেকে করলা বাজারে তোলাও শুরু করেন। তবে গত সোমবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতাবশত তার প্রায় ৫ গণ্ডা জমির করলা ক্ষেত কেটে নষ্ট করে দেয়।
মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন শফি। তিনি বলেন, অনেক কষ্ট করে করলা চাষ করেছি। ফলনও ভালো হচ্ছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে এভাবে ক্ষেত কেটে দিল, এটা খুবই কষ্টের। এতে আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় কৃষক মো. শফি উল্লাহ বলেন, একজন কৃষকের ফসল নষ্ট করা মানে তার পরিবারের ওপর আঘাত করা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই। ভুক্তভোগী কৃষক মোহাম্মদ শফি আরও জানান, দোষীদের শনাক্ত করা গেলে তিনি মামলা করবেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ঘটনার বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়েছে।














