বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

খুলশী থানার লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. দিদারুল আলম মাসুমকে (৩৮) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবিপশ্চিম)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার লালখান বাজার টাংকির পাহাড় এলাকার গাজী কালু মাজারের পাশের একটি বাসা থেকে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খবর বাংলানিউজের।

সিএমপি উপপুলিশ কমিশনার (ডিবিপশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, লালখান বাজার এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে ডিবিপশ্চিম বিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক মাস আগে পলাতক মো. সাহেদ প্রকাশ পিচ্চির সহায়তায় অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি সংগ্রহ করেন। পরে অস্ত্রটি লুকিয়ে রাখতে সহযোগী সাহেদের কাছে দিয়ে দেন।

মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ডিবি পুলিশের দল আবার অভিযান চালায় লালখান বাজার টাংকির পাহাড় এলাকার গাজী কালু মাজারের পাশের একটি বাসায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহেদ পালিয়ে যায়।

পরে তার ঘর থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি সচল বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেড় মাসের শিশু নিয়ে কারাগারে যুবলীগ নেত্রী, কয়েক ঘণ্টা পর জামিন
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসকের সহযোগিতা পেল অসুস্থ নবজাতক ও প্রসূতি মা