এসএসসি পরীক্ষার হল থেকে ফেসবুকে লাইভ!

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন এবারের নতুন নিয়মনীতিসহ ১৪৪ ধারা ভঙ্গ করে এসিল্যান্ডের উপস্থিতিতে কতিপয় সংবাদকর্মী পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের বিভিন্ন চিত্র এবং পরীক্ষাকক্ষে পরীক্ষার্থীদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করার অভিযোগ এসেছে। ভিডিওতে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের গতিবিধি ও কথা বলার চিত্র।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার সকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। বিকালে ঘটনাটা জানাজানি হলে এ নিয়ে আলোচনাসমালোচনা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম বলেন, আমি সিসিটিভিতে তাদেরকে দেখার পর হলে গিয়ে দেখি তারা এসিল্যান্ড স্যারের সাথে আছেন। তাই কিছু বলতে পারিনি।

সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের বলেন, আমি তাদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছি। তারা আমার সম্মুখে ভিডিও করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, পরীক্ষাসংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা ছাড়া জনসাধারণের পরীক্ষার কেন্দ্রে এবং হলে প্রবেশ করার আইনগত সুযোগ নেই। আমি ওই কেন্দ্রে দায়িত্বশীলদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হিল থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ১ হাজার ৩ জন পরীক্ষার্থী