খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটা, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন এবং ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত একটি পেলোডার চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবদুল হাই। গতকাল সোমবার দুপুরে মানিকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ফজর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত একটি পেলোডার চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।পরবর্তীতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন এবং চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।













