বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বাগতিকদের শক্তিশালী পেস আক্রমণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে গতকাল বৃহস্পতিবার তিনি জানান, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েই ভালো পারফরম্যান্স করতে চায় কিউইরা। বাংলাদেশের পেস বিভাগ নিয়ে কথা বলতে গিয়ে ল্যাথাম বলেন, সামপ্রতিক সময়ে তারা দারুণ ধারাবাহিক। বিশেষ করে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা গত কয়েক বছরে নিজেদের প্রমাণ করেছে। এই কন্ডিশনে তাদের সামলানো সহজ হবে না বলেই মনে করছেন তিনি। ল্যাথাম বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ অনেক অভিজ্ঞ। আমরা তাদের নিয়ে ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি। সারফেস ভালো মনে হচ্ছে, তবে স্পিনও কিছুটা ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ এখন ভালো ক্রিকেট খেলছে, তাই আমরা চ্যালেঞ্জের মুখে পড়ব।’ উপমহাদেশের গরম আবহাওয়াও বড় একটি ফ্যাক্টর হিসেবে দেখছেন এই কিউই অধিনায়ক। তিনি জানান, নিউজিল্যান্ডের তুলনায় এখানকার তাপমাত্রা বেশি হলেও দল সেটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমাদের সতেজ থাকতে হবে এবং পুরো ১০০ ওভারের জন্য প্রস্তুত থাকতে হবে।’ উইকেট প্রসঙ্গে ল্যাথাম বলেন, মিরপুরের উইকেট নিয়ে ইতিবাচক ধারণা পেয়েছেন তারা। আগের সিরিজ, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচগুলো থেকেও কিছু ধারণা নিয়েছে দল। তিনি যোগ করেন, ‘এখানে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কয়েকদিন ধরেই ঢাকায় আছি, সবাই মাঠে নামতে মুখিয়ে আছে।’ দিনের ম্যাচে খেলার বিষয়ে ল্যাথাম জানান, ব্যালান্স ধরে রাখাটাই হবে মূল চ্যালেঞ্জ। বাংলাদেশের পেস ও স্পিন দুই বিভাগই শক্তিশালী হওয়ায় ম্যাচে পরিস্থিতি বুঝে খেলতে হবে বলে মনে করেন তিনি। দলের ক্রিকেটারদের কাছে প্রত্যাশা নিয়েও কথা বলেন ল্যাথাম। তিনি চান, খেলোয়াড়রা যেন নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারে। কিউই অধিনায়ক বলেন, ‘আমরা চাই ছেলেরা তাদের স্কিল কাজে লাগাক। নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলেছে, এখানেও যদি তা করতে পারে, তাহলে সুযোগগুলো কাজে লাগাতে পারবে।’ তিনি আরও যোগ করেন, দলের বেশিরভাগ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে। যদিও অনেকের ম্যাচ অভিজ্ঞতা সীমিত, তবুও এই সিরিজ তাদের জন্য নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ।













