বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

সাতকানিয়ার মাদার্শা

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৪:৫১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কঙবাজার সদরের মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজানের মো. আকিব (২০) ও মো. রবিন (২৫)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছের বাগানে অভিযান চালানো হয়। সেখানে সশস্ত্র একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শফি ও ইলিয়াছ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তারা ডাকাতির জন্য জড়ো হয়েছিলেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির চেষ্টার অভিযোগে দুটি পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাড়িতে ঢুকলেন পানি খেতে, বেরোলেন মোবাইল নিয়ে
পরবর্তী নিবন্ধরামুতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার