কক্সবাজারের চকরিয়ায় একটি বরফ উৎপাদন মিলে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব ও লুটপাট চালিয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত এগারটার দিকে উপজেলার বদরখালী নৌ–জেটি ঘাট এলাকার জনৈক নুরুন্নবীর মালিকানাধীন বরফ উৎপাদন মিলে এই সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা বরফ মিলের ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাধা দেওয়ার চেষ্টা করায় আরও তিনজন কর্মচারীকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা ওই বরফ মিলের উৎপাদিত বরফ বিক্রির টাকা, তেল ক্রয় এবং ফিশিং বোট থেকে মাছ লোড–আনলোডে ব্যবহৃত ক্রেন ভাড়ার টাকাসহ নগদ প্রায় আড়াই লাখ টাকা, মূল্যবান মালামাল ও একটি এনড্রয়েড মোবাইলসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর আহত ম্যানেজারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত ম্যানেজারের নাম আনিসুর রহমান। আহত অন্য তিনজন হলেন, বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনার এক নম্বর ব্লকের ছৈয়দ নূরের ছেলে আবদুল মান্নান, তেচ্ছাপাড়ার আবু ছৈয়দের ছেলে নেছারুল হক বাহাদুর ও কুতুবনগর এলাকার ছরওয়ার আলমের ছেলে মোহাম্মদ জিয়া।
বরফ মিল মালিক মোহাম্মদ নুরুন্নবী দাবি করেছেন– মঙ্গলবার দিবাগত রাত এগারটার দিকে বদরখালীর বহু অপরাধের হোতা কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী রিকুর নেতৃত্বে সহযোগী তারেক, নাঈম, মঈনা, জিদানসহ একদল সশস্ত্র সন্ত্রাসী বন্দুক, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বরফ মিলে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এর পর ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, মূল্যবান মালামাল ও মোবাইল লুট করে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে বুধবার রাতে।
এ ব্যাপারে চকরিয়া থানার অপারেশন অফিসার সাহেদ উল্লাহ জানান, তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।












