চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আগামী ২১ এপ্রিল চট্টগ্রামে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। একই সময় আসবে বাংলাদেশ দলও। ২৩ এপ্রিল সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশনিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি। এরপর একই ভেন্যুতে শুরু হবে দু’দেশের টিটোয়েন্টি সিরিজ। প্রথম টিটোয়েন্টি ম্যাচ ২৭ এপ্রিল এবং দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচ ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরদিন ঢাকায় ফিরে যাবে দু’দল।

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ এবং নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের আসন্ন এই আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে একটি নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ১২ এপ্রিল। এদিন বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ডিবিদক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা
পরবর্তী নিবন্ধপ্রথম বাংলাদেশি হিসেবে গালফ প্রো কার চ্যাম্পিয়ন অভিক