কর্ণফুলীতে গণপিটুনিতে যুবক আহত, মোটর সাইকেলে আগুন

সিএনজি যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের অভিযোগ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সিএনজি টেক্সির যাত্রীদের লক্ষ্য করে মোবাইল ছিনতাইয়ের চেষ্টার সময় সাগর (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে করে ফকিরনীর হাট এলাকায় এসে সিএনজি যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে বড়উঠান রাস্তার মাথা এলাকায় সাগরকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা সাগরকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মইজ্জ্যারটেক থেকে চাতরী চৌমুহনী পর্যন্ত পিএবি সড়কে দীর্ঘদিন ধরে একটি চক্র মোটরসাইকেল ব্যবহার করে সিএনজি যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে আসছিল। আটক সাগর ওই চক্রের সদস্য বলে তাদের অভিযোগ।

ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার এসআই মো. জুনাইদ বলেন, ‘খবর পেয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।’

এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধসলিমপুরে বড় সাজ্জাদের সহযোগী গলাকাটা বাচা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বাইক-ডাম্পার সংঘর্ষ, আরোহী দুই বন্ধু নিহত