চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকা থেকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বৈলতলী ইউনুছ মার্কেটে নিয়ে যাওয়ার সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ৯টার সময় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দোহাজারী পৌরসদরস্থ দোহাজারী পেট্রোলিয়াম নামে একটি প্রতিষ্ঠান থেকে ৪টি ড্রামে করে ৪০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন ট্রলিযোগে উপজেলার বৈলতলী ইউনুছ মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। চন্দনাইশে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের স্থানীয় প্রতিনিধিরা এ সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা অভিযান পরিচালনা করে দোহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ড দেওয়ানহাট এলাকায় থেকে মোঃ সাঈদ নামে একজনকে আটক করে। এসময় তার নিকট থেকে ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করে।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা জানান, জব্দকৃত ডিজেল ও অকটেন দোহাজারী পৌরসভা কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে তা নিলামে বিক্রি করা হবে।














