ঢাকায় নতুন সরকার আসার পর দুই দেশের সম্পর্কে গতি ফেরানোর প্রচেষ্টার মধ্যে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তাদের সাক্ষাতের কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিষয়ক অতিরিক্ত মহাপরিদপ্তর (এডিজিপিআই)।
সঙ্গে সাক্ষাতের চারটি ছবি দিয়ে পোস্টে বলা হয়, যৌথ প্রশিক্ষণ উদ্যোগসহ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বাড়াতে গভীর সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেন তারা। খবর বিডিনিউজের।
চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরু থেকে দূরত্ব দেখা দেয় দিল্লির; পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে। এর মধ্যে ভারত সরকার বলে আসছিল, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচনের মাধ্যমে ঢাকার শাসন ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করবে তারা।













