চন্দনাইশে ৫ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রত্যেক ভাটা মালিককে ৪ লাখ টাকা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানউলইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে চন্দনাইশের পাঁচটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো পূর্ব এলাহাবাদ এলাকার নেওয়াজ রশিদের মালিকানাধীন মেসার্স পটিয়া ব্রিকস (পিবিএম), মো. সোলাইমানের মেসার্স শাহ আমানত ব্রিকস (এমএসবি), আলী আজমের মেসার্স জোহাদিয়া ব্রিকস (এইচবিএল), দিদারুল হকের মেসার্স ন্যাশনাল ব্রিকস (এনবিএম) এবং নাজিম উদ্দীনের মালিকানাধীন মেসার্স চৌধুরী ব্রিকস।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সহযোগিতা করে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানউলইসলাম জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচার বছরের শিশুকে গলা টিপে হত্যা, বাবা ও সৎ মা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ আবদুল্লাহ ও শাকিরুল ইসলাম