নগরীকে সেইফ সিটিতে পরিণত করতে চাই

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে নবাগত সিএমপি কমিশনার মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স ঘোষণা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

নবাগত সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী নগরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে বলেছেন, আমরা সবাই মিলে এই নগরীকে একটি সেইফ সিটিতে পরিণত করতে চাই। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সিএমপি কমিশনার শওকত আলী বলেন, নগরীতে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। চুরিছিনতাই ও সন্ত্রাস দমনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান পরিচালনা করা হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ হবেও তিনি উল্লেখ করেন।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সিএমপি কমিশনার বলেন, মানুষ যাতে নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে যানজট নিরসনে কার্যক্রম জোরদার করার উদ্যোগের কথা তুলে ধরে বলেন, নগরবাসীকে স্বস্তির নগরজীবন দিতে কাজ করছে পুলিশ। তিনি যানজট নিরসনে পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সিএমপি কমিশনার বলেন, এ ধরনের অপরাধে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একইভাবে মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চলবে। তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় মাদক ও ছিনতাইয়ের হটস্পট ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই এসব এলাকায় বিশেষ অভিযান শুরু হবে।

পুলিশের ভেতরে অনিয়ম প্রসঙ্গে হাসান মো. শওকত আলী বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বুধবার হাসান মোহাম্মদ শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় তিনি নগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে বৈঠক করে নিজের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। চট্টগ্রাম মহানগরীকে সেইফ সিটি হিসেবে পরিণত করার তার যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে তিনি সাংবাদিকসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট ফেরিঘাটে ব্রেক ফেল, ট্রাক নিয়ে নদীতে চালক
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তের নদীপথে সাপ-কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের!