চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জুবাইর কবিরকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জন্য ব্রাজিলের অনারারি কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এমবিএ ডিগ্রিধারী জুবাইর কবির কর্মজীবন শুরু করেন ব্যাংকিং খাতে, যেখানে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং পরবর্তীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করেন। এরপর তিনি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পণ্য আমদানি–রপ্তানি (কমোডিটি ইন্ডেন্টিং), রেস্তোরাঁ শিল্প, পেট্রোলিয়াম এবং প্রতিরক্ষা খাতে ব্যবসা গড়ে তোলেন।
২০১৩ সালে তিনি ইয়ুথ থিঙ্ক ট্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে।
অনারারি কনসাল জেনারেল হিসেবে নতুন দায়িত্বে জুবাইর কবির বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে ব্যবসা–বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।











