২০২৬ খ্রিষ্টাব্দে মে মাসে পূর্ণ হবে আমার পঞ্চাশ বছর। জীবনের পঞ্চাশ বছর পূর্ণ করা একদিকে যেমন অভিজ্ঞতার মাইলফলক, অন্যদিকে তেমনি নতুন বাস্তবতার সূচনা। পঞ্চাশ যেন এক নীরব ঘণ্টাধ্বনি– যা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে। কারণ এই সময় থেকেই মানুষ ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগোয়, আর বার্ধক্যই মানুষের সবচেয়ে সংবেদনশীল ও অসহায় সময়।
শিশুকালে মানুষ একা থাকে না; কোলে নেওয়ার মানুষের অভাব হয় না। কিন্তু বয়সের ভারে যখন মানুষ ধীরে চলে, তখন অনেক সময় পাশে হাত ধরার মানুষও কমে যায়। তাই পঞ্চাশ পেরোনোর পর প্রত্যেক মানুষের উচিত নিজের ভবিষ্যৎ জীবনকে মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর করে তোলার পরিকল্পনা করা।
প্রথমত, জীবনকে এখন থেকে আরও সচেতনভাবে পরিচালনা করতে হবে। অগোছালো চলার বিলাসিতা আর নেই। দ্বিতীয়ত, কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজের চলার ব্যবস্থা নিজেকেই গড়ে তুলতে হবে। নির্ভরশীলতা অনেক সময় সম্মানকে ক্ষুণ্ন করে।
এই বয়সে নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য সঞ্চয় জরুরি। অন্যের জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার আগে নিজের স্থিতি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখা উচিত। যে সমস্যা আমাদের নয় বা যা আমরা সমাধান করতে পারি না তা নিয়ে ভাবা শুধু মানসিক ক্লান্তি বাড়ায়।
অতীতের দুঃখ, বেদনা ও অপ্রাপ্তিকে ছেড়ে দিতে শিখতে হবে। তেমনি টক্সিক বা নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলা জরুরি, কারণ তারা মন ও শরীর দুইয়ের উপরই বিরূপ প্রভাব ফেলে। তবে সত্যিকারের বন্ধুত্ব জীবনের বড় আশীর্বাদ সেটিকে ধরে রাখতে হবে।
পঞ্চাশে এসে শরীর ও মনের যত্ন নেওয়াই সবচেয়ে বড় দায়িত্ব। নিয়মিত ব্যায়াম, সুস্থ জীবনযাপন এবং মস্তিষ্ক সচল রাখার জন্য পড়াশোনা, পাজল বা বিভিন্ন মানসিক খেলায় অংশ নেওয়া প্রয়োজন। একইসাথে তরুণদের সাথে মিশে তাদের প্রাণচাঞ্চল্য থেকে শক্তি নেওয়াও জীবনের প্রতি নতুন উদ্দীপনা এনে দেয়।
মনে রাখতে হবে– পঞ্চাশ মানে বার্ধক্যের শুরু নয়, বরং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এক গৌরবময় মুহূর্ত। এটি এমন এক সময়, যখন মানুষ নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারে। পঞ্চাশে এসে তাই শুরু হয় জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়– নিজেকে ভালোবাসার অধ্যায়।










