নগরীর বন্দর এলাকায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ এবং পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মেসার্স আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে নগরের বন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮–এর ২৯ ধারা অনুযায়ী মামলা নিয়ে ৪৬ ধারা অনুসারে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, স্টেশনটিতে পর্যাপ্ত তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগও প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৫ ধারা অনুযায়ী আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই কর্মকর্তারা জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











