যুদ্ধদিনের গল্প লিখবেন মুক্তিযোদ্ধারা

সাঈদ আল নোমানের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের স্মৃতি, কষ্ট, সংগ্রাম এবং স্বপ্নের গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গত বুধবার নগরের হালিশহরের একটি কনভেনশন হলে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেন তিনি। এসময় মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট এর পাশাপাশি তুলে দেন একটি করে ডায়েরিও। এ ডায়েরিতে মুক্তিযোদ্ধারা নিজেদের মুক্তিযুদ্ধের স্মৃতি, অভিজ্ঞতা ও স্বপ্ন লিপিবদ্ধ করবেন। যা পরবর্তীতে সংগ্রহ করে গ্রন্থাকারে প্রকাশ করার ঘোষণা দেন সাঈদ আল নোমান।

তিনি বলেন, আজকে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তারা কি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং এখনো কি কি স্বপ্ন তাদের বাকি আছে; আমি চাই সেই স্বপ্নের কথা তারা ডায়েরিতে লিখবেন। আমি আবার এই ডায়েরি সংগ্রহ করব এবং বই আকারে ছাপাব। একসময় এই মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্ম হয়তো পাবেন না। কিন্তু ডায়েরি পড়ে এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ডায়েরি পড়ে অনেক কিছু জানতে পারবেন।

এদিকে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাঈদ আল নোমান। সাঈদ আল নোমান বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু তাঁদের অনেক অভিজ্ঞতা এখনও অজানা থেকে যাচ্ছে। আমরা চাই, তাঁরা নিজেরাই তাঁদের গল্প লিখে যান।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জামালের মেয়ে ও ঢাবি শিক্ষার্থীর জন্য প্রধানমন্ত্রীর উপহার
পরবর্তী নিবন্ধসর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী