খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই স্কুলের তিন শিক্ষকসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত শিক্ষকের নাম চন্দ্রমনি ত্রিপুরা (৫৫)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র এবং খাগড়াছড়ি থেকে চাঁদপুরগামী একটি শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অন্তত ছয়জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ভর্তি করা হয় এবং অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। গুরুতর আহত একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।
পরবর্তীতে বিকেলের দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খাগড়াপুর এলাকার বাসিন্দা চন্দ্রমনি ত্রিপুরা (৫৫) মৃত্যুবরণ করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খাগড়াছড়ির ট্রাফিক সার্জেন্ট মো. হরফ সিকদার বলেন, ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেছেন। ঘাতক গাড়িটি জব্দ করে আমরা সদর থানায় নিয়ে এসেছি।










