এবার নেপাল লিগে খেলবেন সানজিদা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের কারণে আপাতত জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সানজিদা আক্তার। তাই ঘরোয়া টুর্নামেন্ট ও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার প্রধান ভরসা। সেই ধারাবাহিকতায় এবার নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ মিডফিল্ডার। ললিতপুরের ক্লাব জাপা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন দলের হয়ে খেলতে গতকাল বিকেলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সানজিদা। সবকিছু ঠিক থাকলে আজই মাঠে নামবে তার দল জাপা এফসি। তবে সদ্য দলে যোগ দেওয়ায় প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। সানজিদা বলেন, ‘আগামীকালের (আজ) ম্যাচে হয়তো আমার খেলা হবে না। তবে সামনে লিগের আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। আমি আশাবাদী, নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।’ এর আগে ভারতের আইডব্লিউএল ও ভুটানের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও, নেপালে এবারই প্রথম খেলতে যাচ্ছেন তিনি। নতুন এই লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত সানজিদা। আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

তার ভাষ্য, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি। একসময় বাংলাদেশ জাতীয় নারী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন সানজিদা। তবে কোচের সঙ্গে বিরোধের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে না থাকায় নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বিদেশি লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ফুটবলার।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী ক্রীড়া দল চট্টগ্রাম বিভাগের ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমেসির জন্য বার্সেলোনার দুয়ার ‘সবসময় খোলা’