সাগরিকায় কারখানা শ্রমিক আকাশ দাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার সাগরিকা বিটাক এলাকার প্লাস্টিক কারখানার শ্রমিক আকাশ দাশ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. রাতুল (২০)। গত শনিবার বিকেলে ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাতুল পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতুলকে গ্রেপ্তার করা হয়। সে আকাশ হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, নিহত আকাশ বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার ছিলেন। কয়েক মাস মাস আগে একটি চক্র কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ জানায় আকাশ। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধরোমাঞ্চকর জয়, সিরিজ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধবাঁশের সাঁকোই ভরসা, আশ্বাসেই কাটছে যুগ