প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। তিনি বলেন, স্বাধীন মত প্রকাশের জন্যই আমাদের ১৭ বছরের লড়াই ছিল। জুলাই গণঅভ্যুত্থ্যান ছিল যাতে মানুষ স্বাধীনভাবে বাংলাদেশে মত প্রকাশ করতে পারে, যে কোনো আদর্শ বিশ্বাস করতে পারে, যেটা দেশের স্বার্থের পরিপন্থী নয়। আজকে সেদিন এসেছে।
তিনি গতকাল শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক সম্প্রীতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরের নাসিরাবাদ বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের আহ্বায়ক রেজা রহমান রিজাউর রহমান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ একটি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করেছে। অর্থাৎ তাদের সেবক নির্বাচিত করেছে। এই সরকার যেন পুরোটা মেয়াদে জনগণের সেবক হিসেবে থাকতে পারে, মানুষের কাজ করতে পারে, জনগণের পক্ষে কথা বলতে পারে, জনগণের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেখান থেকে নিজেদেরকে আরো উন্নত করতে পারে; সরকারের একজন ক্ষুদ্র অংশ হিসেবে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া চাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সদস্য সচিব সুলতানুল আরেফিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মূখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।












