বান্দরবানে জেলা বিএনপির সদস্য সচিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের গ্রিনল্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা। এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, বুদ্ধজ্যোতি চাকমা, মিনারুল হক, ফরিদুল আলম সুমন, জেলা প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দীন শাহরিয়ারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেয়। এছাড়াও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন। মোনাজাত করান কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, গণমাধ্যমকর্মীরা সকলেই আমার শুভাকাঙ্ক্ষী। দীর্ঘদিন পৌরসভার মেয়র থাকাকালে এবং জেলা বিএনপির দায়িত্বশীল থাকা আজকে পর্যন্ত সাংবাদিকরা লেখনি এবং পরামর্শ দিয়ে আমার রাজনৈতিক পথচলায় সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে পরামর্শ দিয়ে পাশে থাকার আহবান জানাচ্ছি। প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, রমজান শেষের দিকে বান্দরবান প্রথমবারের মত সাংবাদিকদের সম্মানে বিএনপির সদস্য সচিব ইফতার মাহফিল আয়োজন করেছে। অন্যরা কেউই করেনি। জাবেদ রেজা মেয়র থাকাকালেও সৃজনশীল অনেক কাজ করেছে, উনার কাছে অন্য রাজনৈতিক নেতাদেরও অনেক শেখার রয়েছে।












