অকটেন সংকটের কারণে সন্দ্বীপের গুপ্তছড়া–কুমিরা নৌ রুটে গতকাল সোমবার যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্পিডবোট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে সোমবার সকালে জানায়, বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতার প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহেও। এর ফলে অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ায় সোমবার (গতকাল) সকাল থেকে গুপ্তছড়া–কুমিরা নৌরুটে স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজের পরিচালক জগলুল হোসেন নয়ন সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার আমরা তেল এনেছিলাম। গতকাল আবার তেল সংগ্রহের জন্য পে–অর্ডার নিয়ে গেলে সেটি ফেরত দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে আগে যেখানে ১০ ভাউচারে তেল দেওয়া হতো, এখন দেওয়া হচ্ছে অর্ধেক ভাউচার, প্রায় ৪৫০০ লিটার। আবার হাইওয়ে এলাকার পাম্পগুলোতে কোনো অকটেনই দেওয়া হচ্ছে না। তিনি জানান, বর্তমানে তাদের কাছে প্রায় এক থেকে দেড় হাজার লিটার অকটেন মজুদ রয়েছে, যা জরুরি প্রয়োজনে রোগী পরিবহনের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। তিনি বলেন, আমাদের তেলের ডিও রয়েছে। পাম্প থেকে তেল পেলেই আবার স্পিডবোট চালু করা হবে। এটি জাতীয় সমস্যা, সবাইকে বিষয়টি বুঝতে হবে।
তবে বিআইডব্লিউটিসির জাহাজ এমভি মালঞ্চ ও ফেরি কপোতাক্ষ চলাচল করেছে সন্দ্বীপ নৌ রুটে। জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয় বিধায় ফেরি ও স্টিমারে যাত্রী তুলনামূলক কম হয়।












