সংসদ সদস্য ও বিএনপি নেতা আসলাম চৌধুরী এলাকাবাসীর সাথে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সীতাকুন্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেটস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। তাছাড়া জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী ওই মসজিদ প্রাঙ্গণে তাদের পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন। ইফতার মাহফিলে অংশ নিয়ে আসলাম চৌধুরী বলেন, এমপি হিসেবে নয়, এলাকার সন্তান হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও আমি আপনাদের সাথে ইফতারে শরীক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি চাইব সুখে দুঃখে অতীতের ন্যায় আপনাদের পাশে থাকতে। সেই সাথে সবার প্রতি আহবান জানাবো, সংযমের মাস হিসেবে রমজানের আদর্শ বুকে ধারণ করে ইবাদত বন্দেগী ও ভাল কাজে সম্পৃক্ত থাকুন। ইসলামের সমপ্রীতি আর সহাবস্থানের নীতি অবলম্বন করে জীবন যাপন করলে মানবজীবনে কোনোরূপ অশান্তি থাকবেনা ইনশাল্লাহ। স্টেশন ফকিরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর সেলিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, বদিউল আলম বদরুল, আনোয়ার চেয়ারমান, খোরশেদ আলম মেম্বার, কামাল উদ্দিন, জাহেদুল হাছান, এ এস এম সায়েম, মামুন ইদ্রিস প্রমুখ। এর আগে আসলাম চৌধুরী সমপ্রতি হত্যাকান্ডের শিকার ছোট শিশু ইরার পরিবারের সাথে দেখা করতে কুমিরা তাদের বাড়িতে যান। এসময় আসলাম চৌধুরী খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনকে ভূমিকা রাখার আহবান জানান। সেই সাথে আগামীতে যাতে এধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসন এবং এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











