মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার বিমানবন্দর বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মধ্যপ্রাচ্যগামী আরও নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার নির্ধারিত দুটি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি–৪০১ ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়ে যায়। পরে সেখান থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই উড়োজাহাজটি যাত্রী নিয়ে ওভি–৪০২ ফ্লাইটে সকাল ১১টা ৫৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে চট্টগ্রামের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়। ওই দিন থেকে গতকাল সকাল পর্যন্ত নতুন চারটি বাতিলসহ মোট ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে মনে হয় না।












