প্রতারণা মামলায় সাজা বাতিল, হংকং আদালতে বিরল জয় চীনবিরোধী জিমি লাইয়ের

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:০৮ অপরাহ্ণ

গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাইকে প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত করে নিম্ন আদালতের দেওয়া দণ্ড বাতিল করে দিয়েছে হংকংয়ের একটি আপিল আদালত। জাতীয় নিরাপত্তা ক্ষুণ্‌নর অভিযোগ সংশ্লিষ্ট পৃথক এক মামলায় কিছুদিন আগেই লাইকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের। তার মধ্যেই বৃহস্পতিবার আদালতে তার পক্ষে রায় এল, বলছে বার্তা সংস্থা রয়টার্স। নিম্ন আদালতের বিচারক ভুল করায় বৃহস্পতিবার বিচারক জেরেমি পুন, অ্যান্থিয়া প্যাং এবং ডেরেক প্যাং মিডিয়া টাইকুন লাই ও মামলার আরেক আসামির আপিল আবেদন মঞ্জুর করেন। তাদেরকে দোষী সাব্যস্ত করার যে রায় তার বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়েছিল, আপিল মঞ্জুর হয়েছে, তাদের দোষী সাব্যস্ত করে দেওয়া রায় ও সাজা বাতিল করা হয়েছে, সংক্ষিপ্ত রায়ে বিচারকরা এমনটাই বলেছেন। তবে সাজা বাতিল হলেও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অন্য মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করা লাইকে জেলেই থাকতে হবে। বৃহস্পতিবারের এ রায়কে চীনসমালোচক খ্যাত জিমি লাইয়ের জন্য বিরল আইনি জয় হিসেবে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচীন সফরে জার্মান চ্যান্সেলর, নিবিড় অর্থনৈতিক সহযোগিতার প্রত্যাশা
পরবর্তী নিবন্ধখাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তানে অভিযানে ৩৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান