বিচারপতি আসাদুজ্জামানের বিদায়, আপিল বিভাগে রইলেন ৫ জন

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টর আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি তার ৬৭ বছর পূর্ণ হবে। সেদিন শনিবার হওয়ায় কোর্ট বন্ধ থাকবে। এ কারণে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাকে বিদায় জানায়। এর ফলে আপিল বিভাগে রইলেন পাঁচ বিচারপতি। তারা হলেনপ্রধান বিারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব। খবর বিডিনিউজের।

প্রধান বিচারপতির এজলাসে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ উর রউফের বক্তব্যের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। সবশেষে বক্তব্য দেন বিদায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বেঞ্চ ও বারের মর্যাদা রক্ষায় আইনজীবীদের সহনশীল হওয়ার আহ্বান জানান বিচারপতি আসাদুজ্জামান। তিনি বলেন, বার ভালো হলে বেঞ্চ ভালো হবে। বেঞ্চ ভালো হলে কোর্ট ভালো হবে। অনেক সময় কোনো বিচারকের আদেশ কারও মনপুত নাও হতে পারে। এজন্য উচ্চ আদালত রয়েছে। কিন্তু এজন্য বিচারকের সঙ্গে অসদাচরণ করা যাবে না।

এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদ একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন। আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম অর্জন করে ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাই কোর্টে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন ২০০৩ সালের ২ আগস্ট। ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে উন্নীত হন।

পূর্ববর্তী নিবন্ধপোশাকে বাহারি নকশা তৈরিতে ব্যস্ত জারদৌসি কারিগররা
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা