২০২৫–২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল বৃহস্পতিবার এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন–১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩–এর ৩৩৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।
খবর বাসসের।
এদিকে, এ বছর সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। আদেশ অনুযায়ী, করদাতাদের এনবিআরের ই–রিটার্ন পোর্টাল –এর মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। তবে ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতা বিবেচনায় এনবিআর শর্তসাপেক্ষে কিছুটা ছাড় দিয়েছে। যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অপারগ, তারা কাগজে রিটার্ন দাখিলের অনুমতি চেয়ে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে করদাতাকে নির্দিষ্ট ও যুক্তিসংগত কারণ উল্লেখ করে ১৫ মার্চ ২০২৬–এর মধ্যে সংশ্লিষ্ট উপ–কর কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজভিত্তিক আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।












