আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে থাকলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

দিল্লিতে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার স্বপ্ন এখনো উজ্জ্বল রইল রশিদ খানের দলের। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে ইব্রাহিম জাদরান ও আজমতুল্লাহ ওমরজাইয়ের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের পথে রাখে। জাদরান ৪১ বলে ৫৩ রানের এক চমৎকার ইনিংস খেলেন। শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ২১ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ো ইনিংস আফগানিস্তানের জয় নিশ্চিত করে। তাকে যোগ্য সঙ্গ দেন দরবেশ রসুলি (৩৩)

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত।

শুরুতেই অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আরিয়ানশ শর্মাকে হারিয়ে চাপে পড়লেও শোয়েব খানের ৪৮ বলে ৬৮ এবং আলীশান শারাফুর ৪০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় তারা। ব্যাট হাতে জয়ের নায়ক আজমতুল্লাহ ওমরজাই বল হাতেও ছিলেন বিধ্বংসী। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া মুজিব উর রহমান ২টি এবং অধিনায়ক রশিদ খান ১টি উইকেট নেন। রশিদ খানের এই ১টি উইকেটই ছিল তার টিটোয়েন্টি ক্যারিয়ারের ঐতিহাসিক ৭০০তম উইকেট। এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল আফগানিস্তান। সুপার এইটের দৌড়ে টিকে থাকতে হলে তাদের পরবর্তী ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকেপিএম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শীঘ্রই শুরু