বিস্ফোরণে আগুনের বিশাল গোলা হল মাস্কের স্টারশিপ

| শুক্রবার , ২০ জুন, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

বড় ধরনের ত্রুটির পর বিস্ফোরিত হয়ে বিশাল আগুনের গোলায় পরিণত হয়েছে ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স–এর স্টারশিপ রকেট। খবর বিডিনিউজের। বুধবার রাতে টেক্সাসে পরীক্ষামূলক এক উৎক্ষেপণের সময় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় বিস্ফোরিত হয় রকেটটি। ফলে আকাশে বিশাল এক আগুনের গোলার দেখা মেলে, যা এক নাটকীয় দৃশ্য তৈরি করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। স্পেসএক্স বলেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র স্টারবেইস–এ দশম পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সময় বড় ধরনের এক ত্রুটির মুখে পড়ে স্টারশিপ রকেটটি। ঘটনার সময় রকেটটি টেস্ট স্ট্যান্ডেই ছিল, অর্থাৎ তখনও এর উৎক্ষেপণ হয়নি। এখন পর্যন্ত কোম্পানিটির তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট হচ্ছে স্টারশিপ। স্পেসএক্স আশা করছে, একদিন মানুষকে চাঁদ ও মঙ্গলে নিয়ে যাবে স্টারশিপ রকেট। তবে, এর আগে রকেটটিকে মানুষ ছাড়া একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। স্টারশিপের সর্বশেষ পরীক্ষাটি হওয়ার কথা ছিল এ মাসেই।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪০
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে সম্মানিত ট্রাম্প