খাগড়াছড়ি সীমান্তে আবারো ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩১ মে, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ–ইন) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শুক্রবার ভোরের দিকে মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের পুশ–ইন করা হয়। পুশ–ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে জোরপূর্বক ঠেলে দেয়া হয়। ভোররাতে তাদেরকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, শুক্রবার ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে জোরপূর্বক পুশ–ইন করেছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা, পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ৯০ জন পুশ–ইন করেছে বিএসএফ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধবিশ্ব তামাকমুক্ত দিবস আজ