ফটিকছড়িতে সিলিন্ডারে গ্যাস মজুদ ও যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অবৈধভাবে রয়াল্টির নামে চাঁদাবাজি ও সরকারিভাবে জারিকৃত আদেশ অমান্য করার অপরাধে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার উপজেলার বাংলা বাজার, হেঁয়াকো, দাঁতমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
জানা যায়– অভিযানে মেসার্স জাহান ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে সিলিন্ডার গ্যাস মজুদ ও যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।
অন্যদিকে একই এলাকার সিকদারখিল এলাকায় মো. বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে অবৈধভাবে রয়াল্টির নামে চাঁদাবাজি ও সরকারিভাবে জারিকৃত আদেশ অমান্য করার অপরাধে দোষী সাবস্ত্য করে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল আমিন।












