নগরীতে নারীদের নেতৃত্বে প্রথম ওয়াক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে গতকাল। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শী–ই–ও’ নামে নারীদের একটি সংগঠন বিশ্বের নানা জাতিসত্তার ১শ’ জন নারীকে নিয়ে এই ওয়াক ম্যারাথনের আয়োজন করে। দলটি বর্ণিল সাজে গতকাল সকাল ৮ টায় চট্টেশ্বরী রোডস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সামনে থেকে হাঁটা শুরু করে এবং সিআরবি গিয়ে শেষ করে। নারীরা তাদের স্লোগান, প্ল্যাকার্ড, বেগুনি টি–শার্টে নগরীর রাজপথ প্রাণবন্ত করে তোলে। ‘শী–ই–ও’ হলো এমন একটি সংস্থা যার লক্ষ্য প্রতিটি ক্ষেত্রে মহিলাদের নেতৃত্ব, অন্তর্ভুক্তি এবং সৃজনশীলতাকে উন্নীত করা। ৬ তরুণী ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন। সামনের দিনগুলোতে তারা নারীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ওয়াক ম্যারাথন শেষে আলোচনা সভায় মাহ্লাচিং মারমা, শোয়েনি রং, ইফাত মাহজাবীন, ফারাহ পরশিয়া, মিফতাহুল জান্নাত, সাবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন।













