পটিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৭ টার দিকে পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূর নাম রুমা দে (৪৫)। সে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকালে পুকুরে স্নান করতে যাওয়ার পর দীর্ঘক্ষণ ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে যৌথভাবে পুকুরে তল্লাশি চালায়। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকালে পুকুরে নেমে তিনি ডুবে যান। ডুবুরি দল সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করেছে। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।












