ডেইলি মিররের প্রকাশকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হ্যারি

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের একটি সংবাদপত্র গ্রুপের বিরুদ্ধে বেআইনী আচরণের অভিযোগ এনে করা মামলায় আগামী সপ্তাহেই সাক্ষ্য দিতে যাচ্ছেন প্রিন্স হ্যারি। গত ১৩০ বছরের মধ্য ব্রিটিশ রাজপরিবারের ঊর্ধ্বতন পদে থাকা কোনো সদস্য আদালতে গিয়ে সাক্ষ্য দেয়নি; হ্যারি ওই রেকর্ড ভাঙতে যাচ্ছেন। মিরর গ্রুপ নিউজপেপারসের (এমজিএন) বিরুদ্ধে মামলার শুনানিতে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ছেলে হ্যারিকে লন্ডনের হাই কোর্টে সাক্ষ্য দানকারী বক্সে দেখা যাবে। এই এমজিএনই ডেইলি মিরর, সানডে মিরর ও সানডে পিপলের প্রকাশক। হ্যারি ছাড়াও শতাধিক খ্যাতনামা ব্যক্তি গ্রুপটির বিরুদ্ধে বেআইনী আচরণের অভিযোগ এনেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ৮ম এডওয়ার্ড ১৮৭০ সালে একটি বিচ্ছেদ মামলায় সাক্ষী হয়েছিলেন, ২০ বছর পর তিনি একটি কার্ড খেলাকে কেন্দ্র করে হওয়া মানহানির মামলায়ও সাক্ষ্য দেন। তারপর আর কখনো ব্রিটিশ রাজপরিবারের ঊর্ধ্বতন পদধারী কাউকে আদালতে সাক্ষ্য দিতে দেখা যায়নি। এডওয়ার্ড রাজা হওয়ার আগেই ওই সাক্ষ্যগুলো দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সেগুন কাঠসহ ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধরিটার্ন দিলেই ২০০০ টাকা কর কেন ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান