ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়

আলকরণ ওয়ার্ডে বস্ত্র বিতরণকালে আবু সুফিয়ান

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ধর্মীয় উৎসবের আনন্দ যেন সামর্থ্যের অভাবে কারও কাছে ম্লান হয়ে না যায় এই প্রত্যাশা সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আলকরণ ওয়ার্ডের দোভাষ কলোনিতে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে আলকরণ ওয়ার্ড বিএনপি। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, সমাজের অবহেলিত, দরিদ্র ও দুস্থ মানুষ যেন পূজার আনন্দ থেকে বঞ্চিত না হন, তারা যেন সুন্দরভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সবারই ইচ্ছে থাকে, পূজার দিন অন্তত একটি নতুন পোশাক পরে আনন্দ উদযাপন করার। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, বিএনপি অতীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও তাঁদের সুখে–দুঃখে পাশে থাকতে চায়। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ যেন অবহেলা, বৈষম্য কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের রাজনৈতিক অঙ্গীকার হলো, সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার রক্ষায় ভূমিকা রাখা। বিশেষ অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সহাবস্থানে বিশ্বাস করে। আমরা চাই, প্রত্যেক মানুষ নির্বিঘ্নে তাঁর ধর্মীয় উৎসব পালন করবেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা ও শিহাব উদ্দিন মুবিন এবং মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম খান, বিএনপি নেতা আব্দুল নবী প্রিন্স, হামিদুর হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মঞ্জুর কাদের মিন্টু, আবু জাফর ছাদেক, মোহাম্মদ শুক্কুর, আবুল কালাম, মো. আকরাম, মো. রাশেদ, মো. হারুন ও মো. শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আর্ক ও মনোকর্নের কর্মশালা ও স্টল প্রদর্শনী
পরবর্তী নিবন্ধসমপ্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম