গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে

উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির মানববন্ধন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরে মানববন্ধন করেছে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মানববন্ধন থেকে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুমকি দেন বিএনপি নেতারা।

দক্ষিণ জেলা বিএনপি : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, কর্তৃত্ববাদী ও লুঠেরা সরকার হিসেবে বহিঃবিশ্বে আওয়ামী লীগ সরকার পরিচিতি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন এই কর্তৃত্ববাদী সরকার মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার হরণ করেছে। এই দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে জোরদার গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

গতকাল সকাল ১১টায় কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন গোল চত্বরে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। নোমান বলেন, যুগে যুগে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। জনগণ বিজয়ী হয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনেও এই ধারাবাহিকতার কোনো ব্যতিক্রম হবে না। আমরা অবশ্যই এই আন্দালনে জয় লাভ করব। আবু সুফিয়ান বলেন, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক, ইদ্রিস মিয়া, ইফতেখার মহসীন, মোশারফ হোসেন, নুরুল আনোয়ার চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, মঞ্জুর উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, অ্যাডভোকেট ফোরকান, আব্দুল গাফ্‌ফার চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, হাজী ইসহাক, মাস্টার লোকমান, হামিদুল হক মান্নান, হুমায়ুন কবির আনসার, আবু নিপার, আবুল কালাম আবু, নুরুল কবির, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আজগর, জান্নাতুন নাইম রিকু, ডা. মহসীন খান তরুন, মঞ্জুর আলম ও মোহাম্মদ মহসীন।

উত্তর জেলা বিএনপি : বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করে চলেছে। আওয়ামী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে চলেছে। এই সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্বৈরাচাররা স্বেচ্ছায় পদত্যাগ করে না। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা রাজপথ ছাড়বে না।

গতকাল উত্তর জেলা বিএনপির মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের জমিয়তুল ফালাহ মসজিদ গেট থেকে আলমাস সিনেমা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। উত্তর জেলা বিএনপির এ আহ্বায়ক বলেন, আজকের মানববন্ধনসহ বিএনপির বিভিন্ন কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, নুর মোহাম্মদ ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া, এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহ উদ্দিন, নুরুল আমিন চেয়ারম্যান, কর্নেল আজিম উল্লাহ বাহার, অ্যাডভোকেট আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, সোলাইমান মঞ্জু, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন, মোবারক হোসেন কাঞ্চন ও আবু জাফর চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রবাসের আরাম ত্যাগ করে দেশের জন্য কাজ করতে চাই : মনোয়ার