ট্রাকের চালক-হেল্পারকে মারধর করে ডাকাতি

ভাটিয়ারীতে গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের সামনে রড ফেলে প্রথমে গাড়ি থামায় ডাকাতেরা। পরে চালক ও সহকারীকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন মো. ফারুক, আবদুল হান্নান ও প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম। অভিযানের সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে এক ডাকাত আহত হয়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেট কার ব্যবহার করে তিন ডাকাত পাক্কা মসজিদ এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাকে ডাকাতি করে। এ সময় তারা ট্রাকের চালক-সহকারীকে পিটিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশের দুটি দল ডাকাতদের ধাওয়া করে ভাটিয়ারী এলাকায় গিয়ে আটক করে। এ সময় তাদের প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, অভিযানের সময় এক ডাকাত আঘাত পায়। আহত ডাকাত এবং ভুক্তভোগী ট্রাক চালক ও সহকারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রাসেল বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেই অতিরিক্ত পুলিশ সুপারকে বরগুনা থেকে সরানো হল
পরবর্তী নিবন্ধস্ত্রী দাবি করায় প্রধান শিক্ষিকাকে পেটালেন শিক্ষা কর্মকর্তা