হত্যাচেষ্টার মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ সাব্বিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জামিন চেয়ে আত্মসমর্পণ করতে আদালতে হাজির হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন রাঙামাটি সদর উপজেলা কৃষকলীগের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। মামলার এজাহারে বাদী মোস্তাফিজ অভিযোগ করেন তার সাবেক স্ত্রী মনিকা আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকায় ২০২১ সালের ২৯ জুলাই রাতে শহরের রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের সামনে তাকে (মোস্তাফিজ) হত্যার জন্য অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে সাব্বির ও মনিকাসহ তাদের ক্যাডাররা। পরে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে হামলাকারীদের আসামি করে মামলা করেন মোস্তাফিজ। এর আগে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপুর্ণ বক্তব্য দেয়ায় মেয়রের মামলায় গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় মনিকা আক্তারকে।










